একদিনের যুদ্ধেই বদলে যাবে পাকিস্তানের মানচিত্র! সেনাপ্রধান আসিম মুনিরকে চরম হুঁশিয়ারি হাক্কানির – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার সীমান্ত সংঘাত এবার চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে। কাবুলের তালিবান প্রশাসনের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি সরাসরি ইসলামাবাদকে যুদ্ধের হুমকি দিয়ে জানিয়েছেন, আফগানরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
শুক্রবার খোস্ত প্রদেশে জুমার নামাজের পর এক জনসভায় হাক্কানি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। ন্যাটোর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা যদি ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের মতো একদিনের জন্যও পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়ে লড়াই শুরু করি, তবে পাকিস্তানের ভৌগোলিক সীমারেখা আর আগের মতো থাকবে না।”
ইতিহাসের পাঠ ও চূড়ান্ত হুঁশিয়ারি
সিরাজুদ্দিন হাক্কানি তাঁর ভাষণে ব্রিটিশ বিরোধী লড়াই এবং আফগানদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলেন, আসিম মুনিরের উচিত তাঁর পূর্বসূরিদের কাছ থেকে জেনে নেওয়া যে আফগানরা কীভাবে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে পাকিস্তানকে এর জন্য চরম মূল্য চোকাতে হবে বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
সীমান্তে বারুদের গন্ধ
গত কয়েকদিন ধরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে। গত রাতে আফগান বাহিনী সীমান্তে পাল্টা আঘাত হানার পর পাকিস্তানও পালটা হিসেবে কাবুল এবং কান্দাহারে বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপর থেকেই দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর আক্রমণ শানাচ্ছে। বিভিন্ন সীমান্ত এলাকায় দফায় দফায় গোলাবর্ষণ ও সংঘর্ষের খবর আসছে।
পাকিস্তানের ধৈর্যচ্যুতি
অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালিবান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, “আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আমরা আশা করেছিলাম সেখানে শান্তি ফিরবে এবং তালিবান আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর দেবে। পাকিস্তান বছরের পর বছর লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করেছে। কিন্তু এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।”
বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। তালিবান নেতার এই সরাসরি মানচিত্র বদলে দেওয়ার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

