টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: নিউজিল্যান্ডের হারে কি খুলবে পাকিস্তানের সেমিফাইনালের দরজা? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের ৪ উইকেটে পরাজয় পাকিস্তানের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে। গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতিমধ্যে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করলেও দ্বিতীয় দল হিসেবে লড়াই এখন পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। দক্ষিণ আফ্রিকা আগেই সেমিফাইনালে পৌঁছেছে, আর ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফলের ওপর গ্রুপ-১ এর সমীকরণ নির্ভর করছে।
সেমিফাইনালের টিকিট পেতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন সমীকরণের মুখে সলমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান। বর্তমানে নিউজিল্যান্ডের ঝুলিতে ৩ পয়েন্ট এবং রান রেট +১.৩৯০। অন্যদিকে, পাকিস্তানের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট এবং রান রেট -০.৪৬১। আজ জিতলে পাকিস্তানও ৩ পয়েন্টে পৌঁছাবে, তবে কেবল জয়ই যথেষ্ট নয়; কিউইদের টপকাতে নেট রান রেটে বড় ব্যবধান প্রয়োজন।
সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানকে আজ অসাধ্য সাধন করতে হবে। প্রথমে ব্যাটিং করলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে তাদের। আর রান তাড়া করার ক্ষেত্রে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে বাবর আজমদের উত্তরসূরিদের। সামান্য ব্যবধানে জয় পেলে পয়েন্ট সমান হলেও রান রেটের গেঁরোয় পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, যা সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।

