ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ: নাগরিকত্ব হারানোর আতঙ্কে উত্তপ্ত মতুয়া গড় – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ শনিবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা করেছেন। দুপুরে অনলাইন ও অফলাইনে প্রকাশিতব্য এই তালিকায় নতুন আবেদনকারীদের পাশাপাশি বাদ পড়া বা বিতর্কিত ভোটারদের নামের পাশে ‘ডিলিটেড’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ চিহ্ন থাকবে। প্রায় ১ কোটি ৫১ লক্ষ মানুষের নথি যাচাইয়ের পর এই তালিকা তৈরি করা হয়েছে।
এদিকে তালিকা প্রকাশের আগেই বনগাঁর মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে বেনাগরিক হওয়ার আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বনগাঁর চারটি বিধানসভা কেন্দ্রে প্রায় ৮৫ শতাংশ মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বহু মানুষ ঠাকুরবাড়িতে গিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি মোকাবিলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে বিশেষ সতর্কতা জারি করেছে নবান্ন।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের ডিজি বিনীত গোয়েল স্যাপ ও র্যাফ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা প্রয়োজনীয় নথি-সহ আগামী ৫ দিনের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিক বা পরবর্তীতে সিইও-র কাছে আপিল করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ভোটাররা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

