ইডেন ‘কোয়ার্টারে’ সৌরভের বাজি বুমরাহ, টস জিতলে ফিল্ডিংয়ের পরামর্শ কিউরেটরের – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। ক্যারিবিয়ানদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে সতর্কবার্তা দিলেও জশপ্রীত বুমরাহর ওপরই আস্থা রাখছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছুটা উদ্বেগের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। সৌরভের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে বুমরাহই ভারতের প্রধান অস্ত্র।
ভূমিকম্পের জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর কলকাতায় পৌঁছাল ভারতীয় দল। অন্যদিকে, শুক্রবার বিকেলে শহরে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজও। আজ শনিবার বিকেলে ইডেনে ঐচ্ছিক অনুশীলনে নামবেন সূর্যকুমার যাদবরা। কোচ গৌতম গম্ভীর সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দলের প্রস্তুতিতে যোগ দেবেন বলে জানা গেছে।
ইডেনের পিচ নিয়ে আশার কথা শুনিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর মতে, বাইশ গজে ভালো বাউন্স থাকবে এবং ম্যাচটি হাই-স্কোরিং হওয়ার সম্ভাবনা প্রবল। তবে সন্ধ্যার পর শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তাই টস জিতলে ভারতকে প্রথমে ফিল্ডিং করার বা রান তাড়া করার বিশেষ পরামর্শ দিয়েছেন কিউরেটর।

