টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইডেনে ভারত বনাম উইন্ডিজ মহারণ, পিচ পরিদর্শনে সৌরভ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202612:10 pm
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সূর্যকুমার যাদবদের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ইডেন পরিদর্শনে আসেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি পিচ কিউরেটরদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে আউটফিল্ড ও পিচের অবস্থা পর্যবেক্ষণ করেন।
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ইডেনের প্রথা মেনে রানের ফোয়ারা ছোটার উপযোগী পিচ তৈরি করা হয়েছে। গ্রুপ পর্বের যে উইকেটে ২০০-র বেশি রান উঠেছিল, এই ম্যাচটিও সেই একই পিচে অনুষ্ঠিত হবে। সিএবি প্রেসিডেন্ট পিচ প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ২২ গজে যেমন ব্যাটাররা সুবিধা পাবেন, তেমনই বাউন্স ও শুষ্কতার কারণে পেসার এবং স্পিনারদের জন্যও সুযোগ থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের ম্যাচে শিশিরের প্রভাব পড়ার সম্ভাবনা কম। ফলে টস জয় খুব বড় পার্থক্য গড়ে দেবে না বলে মনে করা হচ্ছে। ইডেনের ঐতিহ্য অনুযায়ী একটি লড়াকু ও হাই-স্কোরিং ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ভারত এই ম্যাচে জয়লাভ করলেই সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। দু’দলের শক্তির লড়াইয়ে এখন নজর ক্রিকেট বিশ্বের নন্দনকাননের দিকে।

