ভারতের ওপর অটুট বিশ্বাস, পাকিস্তানের পরমাণু অস্ত্র কেড়ে নেওয়ার জোরালো দাবি আফগান নারী নেত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের আবহে বিস্ফোরক মন্তব্য করলেন আফগান পার্লামেন্টের নির্বাসিত সদস্য মরিয়ম সোলেমানখিল। বর্তমানে পাকিস্তানে ডুরান্ড লাইন বরাবর ব্যাপক উত্তেজনা এবং পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় উত্তাল সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতকে এক নির্ণায়ক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মরিয়ম সোলেমানখিলের মতে, পাকিস্তান দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। তিনি স্পষ্ট জানান যে ভারতই একমাত্র দেশ যারা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের আসল চেহারা উন্মোচন করতে সক্ষম। পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারকে বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া একটি দেশের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। অবিলম্বে পাকিস্তানের পরমাণু শক্তি খর্ব করার জন্য ভারতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেন, “পাকিস্তান যখনই বিমান হামলা চালায়, তারা দাবি করে যে তারা সন্ত্রাসবাদীদের মারছে। কিন্তু আজ পর্যন্ত একজন সন্ত্রাসবাদীর নামও তারা প্রকাশ করতে পারেনি।” তিনি আরও অভিযোগ করেন যে রাওয়ালপিণ্ডিতে বসে থাকা পাকিস্তানি জেনারেলরা যুদ্ধকে ব্যবসায় পরিণত করেছেন। পাকিস্তানের এই একনায়কতন্ত্র এবং সন্ত্রাসবাদী নীতির কারণে লাখো মানুষের জীবন বিপন্ন।
উল্লেখ্য, গত কয়েক দিনে আফগান ফৌজের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপরই পাকিস্তান পুনরায় বিমান হামলা চালালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বর্তমানে এই যুদ্ধের গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছে ভারত।

