আফগান যুদ্ধে পাকিস্তানের পাশে ট্রাম্প: দিল্লির উদ্বেগ বাড়িয়ে ইসলামাবাদকে সমর্থনের ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202611:36 am
আফগান-পাক রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের আবহে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, পাকিস্তানের বর্তমান নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর তার অগাধ আস্থা রয়েছে এবং ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অত্যন্ত মজবুত। মার্কিন বিদেশ দপ্তরও তালিবান বিরোধী লড়াইয়ে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে রণক্ষেত্রের পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। গত রবিবার থেকে চলা এই সংঘাতে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। আফগান ফৌজ পাকিস্তানের ১২টি পোস্ট দখলের দাবি করলেও পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, তালিবান প্রশাসনও তাদের ‘সুইসাইড স্কোয়াড’ সক্রিয় করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ওয়াশিংটনের এই পাক-ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা প্রশমনে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা থাকলেও, ইসলামাবাদের প্রতি ট্রাম্পের বিশেষ পক্ষপাতিত্ব আঞ্চলিক স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

