সস্তা এআই অস্ত্রে কাঁপছে বিশ্ববাজার, টেক দুনিয়ায় কি আমেরিকার রাজত্ব শেষ করতে চলেছে চীন – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর লড়াইয়ে এবার এক নতুন রণকৌশল নিয়ে হাজির হয়েছে চীন। দাপুটে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে টেক্কা দিতে বেজিংয়ের তুরুপের তাস এখন ‘সস্তা এআই’। অত্যাধুনিক বা দামি মডেল তৈরির ইঁদুর দৌড়ে না শামিল হয়ে চীন নজর দিচ্ছে এমন সব এআই টুলের ওপর, যা সাধারণ মানুষের নাগালে থাকবে এবং বিশ্ববাজারে দ্রুত আধিপত্য বিস্তার করবে।
সম্প্রতি টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স নিয়ে এসেছে ‘সিডান্স ২.০’ নামক একটি ভিডিও জেনারেটিং এআই টুল। শুধুমাত্র টেক্সট ইনস্ট্রাকশন বা লিখিত নির্দেশ দিলেই এটি সিনেমার মতো হাই-কোয়ালিটি ভিডিও তৈরি করতে সক্ষম। চীনের এই সস্তা অথচ কার্যকরী প্রযুক্তি কৌশল ঘুম উড়িয়েছে সিলিকন ভ্যালির। বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে এই কম দামি চীনা এআই টুলগুলো অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে।
তবে এই অগ্রগতির সঙ্গে দানা বাঁধছে বিতর্কও। মার্কিন এআই সংস্থা ‘অ্যানথ্রোপিক’ অভিযোগ করেছে যে, নিজেদের মডেল উন্নত করতে চীনা ল্যাবগুলো বিতর্কিত পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছে। বিশেষজ্ঞদের মতে, গবেষণার দিক থেকে আমেরিকা এগিয়ে থাকলেও খরচের দিক থেকে চীন বাজিমাত করতে চলেছে। এর ফলে আগামী দিনে বিশ্বের ডিজিটাল পরিষেবাগুলো চীনা প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
চীন সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশকে বিশ্বের প্রধান এআই উদ্ভাবন কেন্দ্রে পরিণত করা। বেজিং এই প্রযুক্তিকে তাদের ‘সফট পাওয়ার’ হিসেবে ব্যবহার করছে। তবে পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চীনের তথ্য নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ নীতি। আশঙ্কা করা হচ্ছে, চীনা এআই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে তাদের নজরদারি এবং কন্টেন্ট নিয়ন্ত্রণের মডেলও আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে সস্তা প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে এক নতুন ডিজিটাল সাম্রাজ্য গড়ার পথে চীন। এখন দেখার বিষয়, সস্তায় পরিষেবা পাওয়ার নেশায় বিশ্ববাসী চীনা প্রযুক্তির ওপর রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে কতটা নির্ভরশীল হয়ে পড়ে।

