কোটি কোটি টাকা ঘরেই লুকানো! ধরা পড়ার ভয়ে কিমি পথ পায়ে হাঁটতেন এই সরকারি কর্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভুবনেশ্বর থেকে ওড়িশা ভিজিল্যান্সের জালে ধরা পড়েছেন খনি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর দেবব্রত মহান্তি। কোটি কোটি টাকা ঘুস নিয়েও তিনি যাপন করতেন অত্যন্ত সাধারণ জীবন। অফিস থেকে গাড়ি নিয়ে ফিরলেও বাড়ি পৌঁছানোর কয়েক কিলোমিটার আগেই নেমে যেতেন তিনি। প্রতিবেশীরা যাতে তাঁর পদমর্যাদা বা প্রতিপত্তি সম্পর্কে টের না পায়, সে জন্য বাকি পথটা পায়ে হেঁটেই ফিরতেন।
তদন্তে জানা গেছে, কয়লা ডিপোর পরিবহণ অনুমতির জন্য প্রতি ফাইল পিছু ৩০ হাজার টাকা করে নিতেন দেবব্রত। কিন্তু সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আলমারি ও ট্রলি ব্যাগে থরে থরে সাজিয়ে রাখতেন। পরিকল্পনা ছিল, অবসরের পর সেই টাকা দিয়ে বিলাসিতায় ডুব দেবেন। তল্লাশিতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ ৪.২৭ কোটি টাকা উদ্ধার হয়েছে, যা ওড়িশা ভিজিল্যান্সের ইতিহাসে অন্যতম বৃহত্তম রেকর্ড। এই বিপুল কালো টাকার উৎস খুঁজতে এবার ইডি (ED) ময়দানে নামছে।

