ট্রাম্পের সমর্থন পেতেই তালিবানের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তানের ২৯টি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালাল পাকিস্তান। প্রায় ৩০০ তালিবান জঙ্গিনিধনের দাবি করেছে ইসলামাবাদ। এই রক্তক্ষয়ী সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের এই লড়াইয়ে তিনি হস্তক্ষেপ করবেন না। উল্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করেছেন। ইসলামাবাদের দাবি, তাদের হামলায় ২৯৭ জন জঙ্গি খতম হয়েছে। পাল্টা হিসেবে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনীর পালটা মারে ৫৫ জন পাক সেনা নিহত এবং বেশ কয়েকজন বন্দি হয়েছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটিই তালিবান শাসিত আফগানিস্তানে পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক অভিযান।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে কোনও আগ্রাসন গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাদের সেনাবাহিনী। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তানের এই পদক্ষেপকে ‘আত্মরক্ষা’ বলে সমর্থন জানিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, তালিবান সন্ত্রাস দমনে ব্যর্থ হয়ে আফগানিস্তানকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছে।
বাইডেন জমানার তুলনায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন-পাক সম্পর্কের সমীকরণ দ্রুত বদলাচ্ছে। ট্রাম্পের এই প্রশংসাসূচক অবস্থান এবং হস্তক্ষেপে অনীহা আদতে ইসলামাবাদকে তালিবান বিরোধী লড়াইয়ে সবুজ সংকেত দিল বলেই মনে করছেন কূটনীতিবিদরা। পরিস্থিতি সামাল দিতে ব্রিটেন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে এবং ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে পাকিস্তানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস।

