স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার জাদুকরী ডিসপ্লে ফিচারে অবাক দুনিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিয়েছে স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S26 আল্ট্রা। স্মার্টফোন প্রেমীদের জন্য এই ডিভাইসে থাকছে এক অভাবনীয় ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তি। বাসে, ট্রেনে বা জনবহুল স্থানে ফোন ব্যবহার করার সময় পাশের লোকের উঁকিঝুঁকি থেকে মুক্তি দিতেই স্যামসাংয়ের এই বিশেষ উদ্ভাবন। ইতিমধ্যেই এই ফিচারটি নিয়ে প্রযুক্তি মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে চলতি বছরে এটিই হতে চলেছে স্মার্টফোন জগতের সবথেকে জনপ্রিয় এবং অনুকরণীয় ফিচার।
আসলে কী এই প্রাইভেসি ডিসপ্লে
সহজ কথায় বলতে গেলে, এই ডিসপ্লে আপনার ফোনের স্ক্রিনকে অন্যের নজর থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। আপনি যখন ফোন ব্যবহার করবেন, তখন আপনার পাশের কেউ যদি স্ক্রিনের দিকে তাকায়, তবে সে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবে না। অথচ আপনার কাছে ফোনের স্ক্রিন থাকবে একদম স্বাভাবিক ও উজ্জ্বল। সাধারণত ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলের বাইরে থেকে এই স্ক্রিন দেখা আসাম্ভব। এমনকি চাইলে পুরো স্ক্রিন অথবা স্ক্রিনের নির্দিষ্ট কোনো অংশও হাইড করে রাখা যাবে।
কীভাবে কাজ করবে এই জাদুকরী প্রযুক্তি
স্মার্টফোনের ডিসপ্লেতে হাজার হাজার ক্ষুদ্র ‘মিনি এলইডি’ (mini LED) থাকে যা থেকে আলো নির্গত হয়। সাধারণ ফোনে এই আলো অনেকটা চওড়া বা ওয়াইড অ্যাঙ্গেল জুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে আপনার আশেপাশে থাকা যে কেউ সহজেই ফোনের স্ক্রিন দেখতে পান। স্যামসাং তাদের নতুন প্রযুক্তিতে এই এলইডিতে বিশেষ পরিবর্তন এনেছে। এলইডি-গুলোকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে এর ভিউয়িং অ্যাঙ্গেল অত্যন্ত সংকীর্ণ হয়ে যায়। ফলে সরাসরি সামনে থাকা ব্যক্তি অর্থাৎ ব্যবহারকারী ছাড়া অন্য কেউ স্ক্রিনের বিষয়বস্তু দেখতে পাবেন না।
ব্যবহারের সময় কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে
ইউজার যখন এই প্রাইভেসি ডিসপ্লে মোড অন করবেন, তখন স্ক্রিনের ব্রাইটনেস কিছুটা কমে যেতে পারে। তবে এটি নিয়ে চিন্তার কিছু নেই, কারণ ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন। এই ফিচারটি চালু থাকা অবস্থায় ব্যবহারকারীর অভিজ্ঞতায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। স্ক্রিনের স্বচ্ছতা এবং রঙের গুণমান আগের মতোই উন্নত থাকবে।
স্থায়িত্ব নিয়ে সংশয়ের অবকাশ নেই
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, এই নতুন প্রযুক্তির কারণে ফোনের ডিসপ্লে কি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। স্যামসাং দীর্ঘদিন ধরে ডিসপ্লে প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে এবং বিভিন্ন ধরণের উদ্ভাবনী ডিসপ্লে তারা নিয়মিত বাজারে আনছে। তাই স্থায়িত্ব বা ডিউরেবিলিটি নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলো ইতিমধ্যেই স্যামসাংয়ের এই ফিচারটি কপি করার প্রস্তুতি নিতে শুরু করেছে। ফলে আগামী দিনে প্রিমিয়াম স্মার্টফোনের দুনিয়ায় এই ‘প্রাইভেসি ডিসপ্লে’ একটি আবশ্যিক ফিচার হয়ে দাঁড়াতে চলেছে।

