লেটেস্ট নিউজ

নাগপুরে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ১৫ প্রাণ, রাজ্যে বিজেপির মেগা ‘পরিবর্তন যাত্রা’ শুরু – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের নাগপুরে এসবিএল এনার্জি লিমিটেড কারখানায় শনিবার ভোরে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শিল্পাঞ্চল। ঘড়িতে তখন সকাল ৬টা থেকে ৭টা, শ্রমিকরা সবে কাজে যোগ দিয়েছেন। হঠাৎই বিকট শব্দে ফেটে পড়ে খনিতে ব্যবহৃত শিল্প বিস্ফোরক তৈরির ইউনিট। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিকের ঝলসে মৃত্যু হয়েছে এবং ১৮ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করল বিজেপি। আজ ১ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ৫ হাজার কিলোমিটার দীর্ঘ ‘পরিবর্তন যাত্রা’। শিলিগুড়ি থেকে এই যাত্রার সূচনা করবেন বিজেপি নেতা নিতীন নবীন। আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৫০টি ছুঁয়ে যাবে এই যাত্রা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হাওড়ার আমতা থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই যাত্রায় শামিল হবেন। এছাড়া জে পি নাড্ডা, দেবেন্দ্র ফড়ণবিস এবং স্মৃতি ইরানির মতো হেভিওয়েট নেতারাও বিভিন্ন প্রান্তে জনসভা করবেন। ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’— এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যজুড়ে ৬৬টি বড় জনসভার পরিকল্পনা করেছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *