খামেনেইয়ের মৃত্যুর পর রণক্ষেত্র পাকিস্তান, মার্কিন কনস্যুলেটে অগ্নিসংযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে উঠল পাকিস্তান। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়া উন্মত্ত জনতা পাকিস্তানে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার পর বিক্ষোভকারীরা ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। হামলার সময় প্রাণ বাঁচাতে কনস্যুলেট কর্মী ও নিরাপত্তারক্ষীরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
পুরো এলাকা বর্তমানে সেনা ও পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি চরম উত্তপ্ত। আরব দুনিয়ার যুদ্ধের আঁচ যেভাবে দক্ষিণ এশিয়ায় আছড়ে পড়ল, তাতে সিঁদুরে মেঘ দেখছে কূটনৈতিক মহল। পাকিস্তান সরকার ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
অন্যদিকে এই উত্তেজনার আবহে ইরানকে চরম বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেইয়ের মৃত্যুর পর ইরান যদি পাল্টা আঘাতের পথে হাঁটে, তবে আমেরিকা এমন সামরিক শক্তি প্রয়োগ করবে যা আগে কখনও বিশ্ব দেখেনি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং ইরানের পারমাণবিক হুমকি রুখতে তারা যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত। খামেনেইয়ের প্রয়াণ এবং ট্রাম্পের এই রণহুঙ্কার— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের আকাশেই এখন যুদ্ধের কালো মেঘ ঘনীভূত।

