লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, মাঝপথে বাতিল ক্রিকেট-ফুটবল! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের জেরে বর্তমানে অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের এই ভয়াবহ আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল খেলার মাঠে। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দুবাই ও আবু ধাবিতে পূর্বনির্ধারিত সমস্ত ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে, স্থগিত হয়ে গিয়েছে এশিয়ান ফুটবল সংস্থার হাই-ভোল্টেজ টুর্নামেন্টও। তবে খেলার চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা। আরবের মাটিতে আটকে পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ব্রিটিশ তারকা জনি বেয়ারস্টোসহ গোটা ইংল্যান্ড লায়ন্স দল।

আবু ধাবিতে আটকে ব্রিটিশ ক্রিকেটাররা, দেশে ফেরার আকুতি

ইংল্যান্ড লায়ন্সের কোচ হিসেবে বর্তমানে আবু ধাবিতে অবস্থান করছেন তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। যুদ্ধের আবহে একের পর এক বিমান বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উৎকণ্ঠা উগরে দিয়ে বেয়ারস্টো সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের কি দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?” বেয়ারস্টোর দাবি, বিমান বাতিলের পর থেকে কারও সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যার ফলে পুরো দলের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভেস্তে গেল পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বৈরথ

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ইংল্যান্ড লায়ন্স বনাম পাকিস্তান শাহিন্সের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়। ইসিবি স্পষ্ট জানিয়েছে যে, ক্রিকেটারদের প্রাণের ঝুঁকি নিয়ে কোনোভাবেই খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আগামী সপ্তাহে ইংল্যান্ড মহিলা দলের যে সফর হওয়ার কথা ছিল, সেটিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ফুটবলেও যুদ্ধের কোপ

কেবল ক্রিকেট নয়, যুদ্ধের প্রভাবে স্তব্ধ হয়ে গিয়েছে ফুটবলও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একটি জরুরি বিবৃতি জারি করে জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার আবু ধাবিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট গ্রুপের শেষ ষোলোর যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, তা বর্তমান পরিস্থিতিতে আয়োজন করা আসাম্ভব। এই ম্যাচগুলো কবে বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা।

মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন যুদ্ধের কালো মেঘ। এই অস্থিরতা কখন কাটবে তা অনিশ্চিত, তবে আপাতত প্রাণ বাঁচিয়ে নিরাপদে দেশে ফেরাই এখন লক্ষ্য বেয়ারস্টো ও তার দলের ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *