কোচবিহারে ভয়াবহ বিপর্যয়! কাজ চলাকালীন ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে প্রাণ হারালেন ৫ শ্রমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহার: রবিবাসরীয় দুপুরে রক্তস্নাত দিনহাটা। পাথর কাটার কারখানায় কাজ করার সময় আচমকাই ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার। মুহূর্তের অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন শ্রমিকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েত এলাকার গড়ের মাথায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মুকুল বর্মা, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মণ। তাঁরা সকলেই কোচবিহারের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, নির্মাণকাজে ব্যবহৃত মিক্সার মেশিন বা লিফটের লোহার অংশে বিদ্যুৎবাহী তারটি স্পর্শ করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

