ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধরনায় বসছেন মমতা: কড়া হুঁশিয়ারি অভিষেকের
ভোটার তালিকায় (এসআইআর) ব্যাপক অসঙ্গতি ও বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগে আগামী ৬ মার্চ ধর্মতলায় ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী স্বয়ং মেট্রো চ্যানেলে ধরনা দেবেন।
কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণ করতেই নির্বাচন কমিশন এই ষড়যন্ত্র করছে। তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এই ‘মুখোশ’ খুলে দেওয়া হবে। যে সমস্ত দলীয় কর্মীদের নাম বাদ গিয়েছে, তাঁদের পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন অভিষেক। ভোটমুখী বাংলায় এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে শাসক শিবিরের আন্দোলন এবার আরও বৃহত্তর রূপ নিতে চলেছে।

