ক্রিকেট বোর্ডের নাম থেকে বাদ যাচ্ছে ‘ভারত’ শব্দ! হঠাৎ কেন কড়া নির্দেশ দিল কেন্দ্র? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের বেশ কিছু ক্রীড়া সংস্থার নামের সঙ্গে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ ব্যবহারের ওপর জারি হলো কড়া নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশ দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে সংগঠনের নাম থেকে এই শব্দগুলো সরিয়ে ফেলতে হবে। এই তালিকায় রয়েছে বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেট সংস্থা (ডিসিসিআই), ভারতীয় মহিলা ফুটবল সংস্থা এবং ভারতীয় বডি বিল্ডার্স সংস্থার নাম।
কেন এই আকস্মিক নির্দেশ?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সরকার স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থাগুলিই (এনএসএফ) তাদের নামের সঙ্গে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ ব্যবহার করার অধিকার রাখে। যেহেতু এই সংস্থাগুলি এখনও জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে পূর্ণ স্বীকৃতি পায়নি, তাই তারা আইনিভাবে এই শব্দগুলো ব্যবহার করতে পারে না। সম্প্রতি বিষয়টি সরকারের নজরে আসতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র।
বিসিসিআই কি ছাড় পেল?
মজার বিষয় হলো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-ও কিন্তু কারিগরিভাবে জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত নয়। অথচ তাদের কাছে এই ধরনের কোনও নির্দেশিকা পাঠানো হয়নি। এই বৈষম্য নিয়েই সরব হয়েছেন ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহান।
ক্ষোভে ফুঁসছেন ক্রীড়া কর্তারা
ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহান স্পষ্ট জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিশেষ ভাবে সক্ষমদের জন্য ক্রিকেট আয়োজন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাদের দল সাফল্যের সঙ্গে খেলছে, এমনকি বিসিসিআই-ও তাদের স্বীকৃতি দিয়েছে। এমন অবস্থায় নাম পরিবর্তনের নির্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের নাম বাদ দেওয়ার বদলে সরকার বরং আমাদের স্বীকৃতি দিক। আমরা বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করি। তাহলে আমাদের ক্ষেত্রে সমস্যা কোথায়?”
দৃষ্টিহীন ক্রিকেট সংস্থা বা হুইলচেয়ার ক্রীড়া সংস্থাগুলো যদি একই শব্দ ব্যবহার করতে পারে, তবে শুধু তাদের কেন লক্ষ্য করা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এখন দেখার, সরকারের এই নির্দেশের পর সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলো আইনি পথে হাঁটে নাকি নাম বদলে ফেলতে বাধ্য হয়।

