আরব দুনিয়ায় যুদ্ধের দাবানল, ৯০ লাখ ভারতীয়র ভাগ্য নিয়ে মাঝরাতে মোদীর জরুরি বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
আরব দুনিয়ায় যুদ্ধের ডামাডোলে বিপাকে পড়েছেন প্রায় ৯০ লাখ ভারতীয় নাগরিক। পরিস্থিতি এতটাই বেগতিক যে নিজের পূর্বনির্ধারিত সফর কাটছাঁট করে রবিবার রাতেই দিল্লিতে ফিরে মন্ত্রিসভার হাইভোল্টেজ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান ও ইজরায়েলের এই রক্তক্ষয়ী সংঘাতের আবহে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং আটকে পড়া সাধারণ মানুষকে কীভাবে নিরাপদে ফেরানো যাবে, তা নিয়েই এখন তুঙ্গে আলোচনা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত স্তব্ধ। দুবাই থেকে দোহা— সব জায়গার বিমানবন্দরেই এখন ঘরমুখো ভারতীয়দের ভিড়। শুধু ইরান ও ইজরায়েলেই রয়েছেন প্রায় ৫০ হাজার ভারতীয়। গোটা আরব দুনিয়া মিলিয়ে এই সংখ্যাটা প্রায় ৯০ লাখ। মুহুর্মুহু বিস্ফোরণ আর ড্রোন হামলার আতঙ্কে প্রহর গুনছেন তারা। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় শুধু জনজীবন নয়, বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দিল্লির এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেন। সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে অতীতে ইয়েমেন বা ইরাকের মতো এবারও বড়সড় উদ্ধারকাজ বা ‘ইভাকুয়েশন অপারেশন’ চালানোর প্রস্তুতি রাখছে কেন্দ্র।
এদিকে খামেনেইর প্রয়াণে ভারতের শিয়া সম্প্রদায়ের মধ্যেও শোকের ছায়া। দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ ও শোকমিছিল। অন্যদিকে ইরানে অন্তর্বর্তী Supreme \titleonly লিডার হিসেবে আলিরেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। তার নেতৃত্বে পরিস্থিতি শান্ত হয় নাকি সংঘাত আরও চরম রূপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ভারতীয়দের জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।

