মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! বাতিল ৪৪৪টি আন্তর্জাতিক উড়ান, চরম বিপাকে কয়েক হাজার যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি
পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘের প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের আকাশপথে। আমেরিকা ও ইজরায়েলের পালটা জবাবে ইরানের রণংদেহি মেজাজ এবং কাতার, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহিতে সংঘাত ছড়িয়ে পড়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে বিমান পরিষেবা। শনিবার থেকে বন্ধ থাকা আকাশসীমার জেরে রবিবার পর্যন্ত এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোসহ বিভিন্ন ভারতীয় বিমানসংস্থা মোট ৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র রবিবারই এয়ার ইন্ডিয়া তাদের অতিরিক্ত ২২টি উড়ান বাতিল করেছে, যার ফলে সংস্থাটির মোট বাতিল উড়ানের সংখ্যা দাঁড়িয়েছে ৫০। বাতিল হওয়া এই দীর্ঘ তালিকায় রয়েছে মুম্বই-লন্ডন, দিল্লি-বার্মিংহাম, দিল্লি-জুরিখ এবং দিল্লি-ভিয়েনার মতো গুরুত্বপূর্ণ রুট। পরিসংখ্যান বলছে, দিল্লি ও মুম্বই বিমানবন্দর থেকেই সবথেকে বেশি উড়ান বাতিল হয়েছে— যার সংখ্যা যথাক্রমে ১০০ এবং ১২৫।
এই নজিরবিহীন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েক হাজার বিদেশি পর্যটক ও যাত্রী। সাধারণত আমেরিকা বা ইউরোপে যাতায়াতের জন্য ভারতীয় বিমানগুলি মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহার করে। আচমকা এই অচলাবস্থায় বিপাকে পড়া বিদেশি নাগরিকদের আশ্বস্ত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটকে পড়া যাত্রীদের ভিসার মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে সাময়িক বাসস্থানের যাবতীয় ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাঁদের নিকটবর্তী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

