মমতার রাজ্যে সুরক্ষিত নয় মা-বোনেরা, কোচবিহার থেকে পরিবর্তনের ডাক দিয়ে তোপ নীতিন নবীনের – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা ২০২৬’ কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর অভিযোগ, রাজ্যে নারী নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। নীতিন নবীন প্রশ্ন তোলেন, বাংলার মতো উন্নত সংস্কৃতির রাজ্যে কেন মহিলাদের সন্ধ্যার পর ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়? তিনি সাফ জানান, বাংলার মা-বোনেদের অপমানের বদলা নিতেই এই পরিবর্তন যাত্রার সূচনা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে নীতিন নবীন আরও বলেন, সীমান্ত সুরক্ষা বা দেশের কাজে জমি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনীহা থাকলেও ‘লোভী রাজনীতিবিদ’ এবং ‘অনুপ্রবেশকারীদের’ জন্য তিনি সবসময় তৎপর। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি হুঁশিয়ারি দেন যে, এবার তাদের বাংলা থেকে তাড়ানোর সময় এসেছে।
অন্যদিকে, মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যাত্রাকে রাজ্যের পরিস্থিতি বদলানোর হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। কৃষ্ণনগরে বিজেপি নেতা রাহুল সিনহাও পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আয়োজিত এই ৫,০০০ কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাধ্যমে। আগামী দিনে অমিত শাহ, রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহানের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা এই কর্মসূচিতে যোগ দিয়ে দুর্নীতি ও নারী নিরাপত্তার মতো ইস্যুগুলিতে রাজ্য সরকারকে কোণঠাসা করবেন।

