লেটেস্ট নিউজ

দিঘার জগন্নাথ ধামে প্রথম দোল উৎসব, বদলে গেল দর্শনের সময়সূচী – এবেলা

এবেলা ডেস্কঃ

দিঘার নবনির্মিত জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হতে চলেছে দোল উৎসব। ৩ ও ৪ মার্চ এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে উপচে পড়া ভিড় সামলাতে এবং চন্দ্রগ্রহণের কারণে বিগ্রহ দর্শনের সময়সূচীতে বড়সড় বদল আনা হয়েছে।

দর্শনার্থীদের জন্য জরুরি তথ্য

  • ৩ মার্চ (মঙ্গলবার): ভক্তরা সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। সাধারণ দিনে মন্দির দুপুর ১টায় বন্ধ হলেও দোলের দিন বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে।
  • চন্দ্রগ্রহণের প্রভাব: চন্দ্রগ্রহণের কারণে ৩ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। গ্রহণ শেষে বিগ্রহের অভিষেক ও বেশ পরিবর্তনের পর পুনরায় মন্দির খোলা হবে।
  • ৪ মার্চ (বুধবার): বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দেব-বিগ্রহকে আবির দান ও বিশেষ পুজো।

উৎসবের বিশেষ আয়োজন

মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামণ দাস জানিয়েছেন, উৎসব উপলক্ষে মন্দির চত্বর বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হচ্ছে। রাতভর চলবে সংকীর্তন, ভক্তিমূলক গান ও নাচ। দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও থাকছে।

নিরাপত্তা ব্যবস্থা

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানিয়েছেন, দোলের সময় দিঘায় রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তাই মন্দির ও সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *