বিপাকে মহেন্দ্র সিং ধোনি, ১৫ দিনের মধ্যে জবাব না দিলেই বড় শাস্তির মুখে মাহি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাঁচির হারমু এলাকায় বরাদ্দকৃত জমিতে নিয়মবহির্ভূত ব্যবসায়িক কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে শোকজ নোটিশ পাঠাল ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড। ২০০৯ সালে রাজ্য সরকারের সুপারিশে কেবলমাত্র বসবাসের জন্য ধোনিকে ওই জমি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার চলায় আবাসন বোর্ড কড়া অবস্থান নিয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে ধোনিকে এই নোটিশের সন্তোষজনক জবাব দিতে হবে। অন্যথায় তাঁর নামে বরাদ্দকৃত ওই প্লটের (H-10A) লিজ বাতিল করার সুপারিশ করতে পারে বোর্ড। আবাসন বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান জানিয়েছেন, তদন্তের পর নিয়ম লঙ্ঘনের প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে ধোনি সপরিবারে রাঁচির সিমলিয়া ফার্মহাউসে থাকলেও, তাঁর পুরনো এই বাড়িতে ক্রিকেটীয় থিম ও সাত নম্বর জার্সির কারুকার্য ভক্তদের কাছে অত্যন্ত আবেগের। আইপিএল ২০২৬-এর প্রস্তুতির মাঝেই মাহির এই আইনি জটিলতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধোনির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

