ইজরায়েলি বোমায় কাঁপছে বেইরুট, ইরানের পর এবার লেবাননে কি যুদ্ধের দামামা – এবেলা
এবেলা ডেস্কঃ
বেইরুট: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়াবহ রূপ নিল। ইরানের পর এবার লেবাননের রাজধানী বেইরুটে ব্যাপক বিমান হামলা চালাল ইজরায়েল। সোমবার ভোরে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বেইরুটের দাহিয়েহ এলাকা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইজরায়েলি বায়ুসেনা (IDF)। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি, উত্তর ইজরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পালটা জবাব দিতেই এই ‘অপারেশন রোরিং লায়ন’ শুরু করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রের খবর, লেবানন জুড়ে হিজবুল্লাহর সামরিক পরিকাঠামো এবং লঞ্চিং সাইটগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই হামলায় হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের এই সংঘাত যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আকার নিতে পারে। লেবাননের বর্তমান টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে এই সামরিক উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইজরায়েলি হুঁশিয়ারি, তারা যেকোনো বহুমুখী সংঘর্ষ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

