শান্তিচুক্তি ভেঙে খানখান! খামেনেইর মৃত্যুতে ইজরায়েলের ওপর হিজবুল্লাহর ভয়ংকর বদলা – এবেলা
এবেলা ডেস্কঃ
বৈরুত: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নিতে ইজরায়েলের ওপর ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে ফেলল শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। এর ফলে ২০২৪ সালের নভেম্বরে আমেরিকার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি কার্যত ধূলিসাৎ হয়ে গেল।
সোমবার ভোররাত থেকেই লেবাননের রাজধানী বৈরুতসহ হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে পাল্টা বিমান হামলা শুরু করেছে ইজরায়েলি ফৌজ। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের (IDF) দাবি, হিজবুল্লাহর হামলার উপযুক্ত জবাব দিতেই এই প্রত্যাঘাত। এই হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি তেল আভিভের।
এদিকে হিজবুল্লাহর এই আকস্মিক পদক্ষেপে চরম অস্বস্তিতে লেবানন সরকার। দেশের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলসহ দক্ষিণ লেবাননের গ্রামগুলি থেকে প্রাণভয়ে ঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ। খামেনেইর প্রয়াণকে কেন্দ্র করে এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে ইজরায়েল ও লেবানন।

