লেটেস্ট নিউজ

যুদ্ধজ্বরে কাঁপছে বিশ্ববাজার, হু হু করে বাড়ছে সোনার দাম; একদিনেই বাড়ল ১০ হাজার টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে পড়ল সাধারণ মানুষের পকেটে। বিশ্বজুড়ে অস্থিরতার জেরে আন্তর্জাতিক ও ভারতীয় বাজারে আকাশছোঁয়া হয়ে উঠেছে সোনা ও রুপোর দাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে আজ, ২ মার্চ ২০২৬ সোমবার সপ্তাহের শুরুতেই সোনার দামে এক অভাবনীয় উল্লম্ফন দেখা গিয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০ হাজার টাকারও বেশি বেড়ে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে।

কেন এই আকাশছোঁয়া দাম?

আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর হামলার খবরের পর থেকেই বিশ্ব অর্থনীতিতে কম্পন শুরু হয়েছে। যুদ্ধের এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন। ফলে চাহিদা ব্যাপক হারে বাড়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৫,৩৮৪.५২ ডলারে পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ শিখর।

একনজরে আজকের বাজার দর

ফেব্রুয়ারি মাস থেকেই সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সোনার দাম প্রায় ৫.০৫৬ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু মার্চের শুরুতেই সেই গ্রাফ এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে।

  • সোনা: গত ট্রেডিং সেশনে যে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৬২,৪৯০ টাকা, আজ সোমবার সেই দাম সরাসরি পৌঁছেছে ১,৭৩,০৯০ টাকায়। অর্থাৎ একদিনেই বৃদ্ধি পেয়েছে ১০,৬০০ টাকা।
  • রুপো: সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতি কেজি রুপোর দাম ছিল ২,৮২,১৪০ টাকা। আজ সোমবার সকালে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৯৪,৯০০ টাকায়।

ভবিষ্যৎ কোন দিকে?

বাজার বিশেষজ্ঞদের মতে, যদি ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় বা পরিস্থিতির আরও অবনতি ঘটে, তবে সোনার দাম আগামী দিনে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। সামনেই হোলির মরসুম, ভারতে যে সময়ে গয়না কেনার ধুম পড়ে। কিন্তু বর্তমান অগ্নিমূল্য বাজারে ক্রেতারা কতটা আগ্রহ দেখাবেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং বুলিয়ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিল্লিতে এবং মুম্বইয়ের মতো বড় শহরগুলোতেও সকাল থেকে সোনার দোকানে ভিড় থাকলেও দাম শুনে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের। বিনিয়োগের কথা ভাবলে এখনই নতুন দামের তালিকা ভালো করে যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *