সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড, যুদ্ধের আগেই হুঙ্কার ব্রিটিশদের – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে পা রাখল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতেই ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিল ইংল্যান্ড ক্রিকেট। হ্যারি ব্রুকের ছবি পোস্ট করে ব্রিটিশ বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।
রবিবার সুপার এইটের হাই-ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের পাহাড় টপকে যায় ভারত। ১৯.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের দল। ভারতের এই জয়ের নায়ক সঞ্জু স্যামসন, যিনি অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ভারতের এই জয়ের সঙ্গে সঙ্গেই সেমিফাইনালের সমীকরণ চূড়ান্ত হয়ে গেল। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। গত ফেব্রুয়ারিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল হ্যান্ডেলে হ্যারি ব্রুকের ‘কনফার্মড’ লেখা ছবি শেয়ার করে ভারতের বিরুদ্ধে নামার আগাম ঘোষণা দিয়ে রেখেছে। মাঠের লড়াই শুরুর আগেই সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ক্রিকেট মহলে উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

