লেটেস্ট নিউজ

‘ভারত’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা! ক্রিকেট বোর্ডকে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট মহলে ব্যাপক শোরগোল। ডিফারেন্টলি এব্লেড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া বা ডিসিসিআই-কে (DCCI) কড়া নির্দেশ পাঠালো কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংগঠনের নামের সঙ্গে আর ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ দুটি ব্যবহার করা যাবে না। কিন্তু হঠাৎ কেন এমন কঠোর অবস্থান নিল মোদী সরকার?

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন (NSF) দ্বারা স্বীকৃত নয়। নিয়ম অনুযায়ী, কোনো সংস্থা এনএসএফ-এর স্বীকৃতি না পেলে নিজেদের নামের সঙ্গে দেশের নাম ব্যবহার করতে পারে না। একই কারণে ভারতীয় বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং ভারতীয় মহিলা ফুটবল সংস্থাকেও একই ধরণের কড়া চিঠি পাঠানো হয়েছে।

কেন্দ্রের চিঠিতে সাফ জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। অন্যথায় সংগঠনের বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহান। তার পাল্টা প্রশ্ন, বিসিসিআই-ও তো এনএসএফ স্বীকৃত নয়, তবে তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা কেন?

রবি কান্ত চৌহান বলেন, “আমরা বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের নিয়ে কাজ করি। বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করেছি। এমনকি বিসিসিআই-ও আমাদের স্বীকৃতি দিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের আপত্তি কোথায়?” আপাতত এই নাম বদলের নির্দেশকে কেন্দ্র করে সরগরম ক্রীড়াঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *