লেটেস্ট নিউজ

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষ দিন আজ: লক্ষ্য ১৪ মার্চের মেগা ব্রিগেড সমাবেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আজ অন্তিম দিন। রাজ্যের ৯টি গুরুত্বপূর্ণ রুটে আজ এই কর্মসূচি পালিত হচ্ছে। শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান—এই ৯টি অঞ্চল থেকে শুরু হওয়া যাত্রাগুলি প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ কলকাতায় এসে পৌঁছাবে। প্রতিটি রুটেই কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রথম সারির একঝাঁক নেতৃত্ব জনসভা ও মিছিলে উপস্থিত থাকছেন।

আজকের এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা বিভিন্ন জনসভায় নেতৃত্ব দিচ্ছেন। শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে শুরু করে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠ পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে শেষ মুহূর্তের জনসংযোগ সারছে গেরুয়া শিবির। দলের লক্ষ্য হলো তৃণমূল স্তরের কর্মীদের চাঙ্গা করে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা।

পরিবর্তন যাত্রার এই দীর্ঘ পরিক্রমা আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার মাধ্যমে সমাপ্ত হবে। ওই দিন ব্রিগেডের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল এবং সুর বেঁধে দিতেই এই মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। পাঁচ বছর পর ফের ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বাংলার মানুষের উদ্দেশে কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *