বারাসতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ: রণক্ষেত্র হেলাবটতলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বারাসাতের হেলাবটতলা মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও চরম উত্তেজনার সৃষ্টি করে। দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের অটো ইউনিয়ন অফিসে বিজেপি সমর্থকদের চড়াও হওয়ার পাল্টা দাবি করেছে শাসক দল। একে অপরের বিরুদ্ধে গালিগালাজ ও উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়।
উভয় দলই এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী ও দলের নেতৃত্বকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস ও অশান্তি ছড়াচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জারি রয়েছে এবং পরিস্থিতি থমথমে।

