মেদিনীপুর মেডিক্যালে সদ্যোজাতর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’ বিভাগে এক সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। সদর ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা আসমা বিবির সন্তান গত শুক্রবার থেকে সেখানে চিকিৎসাধীন ছিল। পরিবারের অভিযোগ, সোমবার দুপুর ২টায় হাসপাতালের পক্ষ থেকে শিশুর মৃত্যুর খবর জানানো হলেও বিকেল ৩টে নাগাদ মা তাকে মাতৃদুগ্ধ পান করান। পরবর্তীতে বিকেল ৫টায় হাসপাতাল কর্তৃপক্ষ ফের শিশুটিকে মৃত ঘোষণা করলে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়।
স্বজনদের দাবি, যদি দুপুরেই মৃত্যু হয়ে থাকে, তবে বিকেলে শিশুটি কীভাবে মাতৃদুগ্ধ পান করল? এই ঘটনায় চিকিৎসায় গাফিলতি ও তথ্যের বিসংগতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলা এই টানাপড়েনে হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।
বর্তমানে হাসপাতাল চত্বরে পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে। তবে এই বিভ্রান্তিকর পরিস্থিতি এবং পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃতদেহ হস্তান্তর এবং সঠিক কারণ দর্শানোর দাবিতে অনড় রয়েছেন উত্তেজিত পরিজনেরা।

