লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মৈত্রী পাইপলাইনে দ্রুত ডিজেল পাঠাচ্ছে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

আরব দুনিয়ার সাম্প্রতিক অস্থিরতায় তীব্র জ্বালানি সংকটে পড়া বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত। প্রতিবেশী দেশের এই কঠিন সময়ে দ্রুততম উপায়ে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবারই ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছাবে। আসামের নুমালিগড় থেকে এই তেল পাঠানো শুরু হবে এবং পরবর্তী ধাপে শিলিগুড়ি থেকেও জ্বালানি সরবরাহ করা হবে।

২০২৩ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই পাইপলাইনটি উদ্বোধন করা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই পাইপলাইন দিয়ে জ্বালানি সংগ্রহ সাময়িকভাবে বন্ধ থাকলেও, বর্তমান জাতীয় সংকটে সেই পরিকাঠামোই এখন বাংলাদেশের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে ঢাকা সহ বড় শহরগুলোর বহু পেট্রল পাম্প এখন তেলশূন্য। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সার তৈরির চারটি কারখানাও বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে যোগাযোগ করলে নয়াদিল্লি দ্রুত সাড়া দেয়।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। সেখানে অর্থমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চান। বিশেষ করে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি চেয়েছে বাংলাদেশ। ভারতের এই দ্রুত সরবরাহ প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের বিদ্যুৎ ও কৃষি খাতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *