লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মেটাতে পাশে ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসছে ৫০০০ টন ডিজেল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যখন জ্বালানি তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি, ঠিক তখনই বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে এল প্রতিবেশী দেশ ভারত। দ্বিপাক্ষিক মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নতুন করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে ভারতের আসামের নুমালিগড় শোধনাগার থেকে এই তেল পাম্পিং শুরু হয়। বিপিসির বাণিজ্য ও পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রতি ঘণ্টায় গড়ে ১১৩ মেট্রিক টন হারে ডিজেল আসছে। সব ঠিক থাকলে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এই ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ সম্পন্ন হবে। এই পরিমাণ তেল পরিবহনে মোট ৪৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটি মোট ১৩১ কিলোমিটার দীর্ঘ, যা ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত। ২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধনের পর থেকে এই পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ও দ্রুততম সময়ে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আগে রেল ওয়াগনের মাধ্যমে তেল আসলেও এখন পাইপলাইনের ফলে খরচ ও সময় দুই-ই কমেছে।

এদিকে, জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী চার মাসে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে ভারতের এই সহযোগিতা বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *