লেটেস্ট নিউজ

পড়ুয়াদের ঘরে ৪৪টি মাথার খুলি! ঢাকা কাঁপানো কঙ্কাল চুরির মহাচক্রের পর্দা ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজধানী ঢাকায় উদ্ধার হলো ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানবদেহের হাড়গোড়। কবরস্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে অবৈধ ব্যবসার অভিযোগে ডেন্টাল কলেজের শিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও ও উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ভয়ঙ্কর চক্রের সন্ধান পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকায় প্রথম অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম সৌমিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তেজগাঁও কলেজ এলাকা থেকে কঙ্কাল কেনাবেচায় জড়িত আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মূল হোতা ফয়সাল আহম্মেদকে আটক করা হয়। ফয়সালের বাসা থেকেই উদ্ধার হয় ৪৪টি মাথার খুলিসহ কঙ্কালের বিশাল স্তূপ।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সৌমিক সাপ্পোরো ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্র এবং ফয়সাল ইন্টার্নশিপের অপেক্ষায় থাকা একই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে তা ডেন্টাল শিক্ষার্থীদের কাছে চড়া দামে বিক্রি করাই ছিল এই চক্রের কাজ। এই ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *