রক্তস্নাত সোমবারের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াল শেয়ার বাজার লক্ষ্মীবারে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ছুটছে সেনসেক্স ও নিফটি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির জেরে সোমবার ভারতীয় শেয়ার বাজারে যে ভয়াবহ ধস নেমেছিল, মঙ্গলবার সকাল থেকেই সেই ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দালাল স্ট্রিট। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন বাজার খুলতেই দুই প্রধান সূচক সেনসেক্স এবং নিফটি৫০ সবুজের ঘরে পা রেখেছে, যা লগ্নিকারীদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে।
বাজার সূত্রে খবর, মঙ্গলবার লেনদেনের শুরুতেই বিএসই সেনসেক্স ৪২০ পয়েন্ট বেড়ে ৭৭,৯৮৬ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে এনএসই নিফটি ১০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,১৩৬ পয়েন্টের ঘরে ঘোরাফেরা করছে। সোমবার যেখানে বাজার খোলার পরপরই সেনসেক্স একধাক্কায় ২,৩০৮ পয়েন্ট এবং নিফটি ৭১১ পয়েন্ট পড়ে গিয়েছিল, সেখানে মঙ্গলবারের এই উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সোমবার বাজারের এই রক্তক্ষয়ী পতনে বিনিয়োগকারীদের প্রায় ১৩.৫ লক্ষ কোটি টাকা স্রেফ মুছে গিয়েছিল। তবে এদিন আইটি এবং অয়েল অ্যান্ড গ্যাস ক্ষেত্র বাদে প্রায় সমস্ত সেক্টরাল ইনডেক্স ইতিবাচক পারফর্ম করছে। বিশেষ করে সোমবার ধস নামা ফার্মা, অটো এবং পিএসইউ ব্যাঙ্ক সূচকগুলো এদিন ঊর্ধ্বমুখী। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলোতেও কেনাবেচার ধুম লক্ষ্য করা যাচ্ছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দামের পতন দালাল স্ট্রিটে প্রাণ ফিরিয়েছে। সোমবার যা ব্যারেল প্রতি ১১৯ ডলার পর্যন্ত ছুঁয়েছিল, মঙ্গলবার তা কমে ৮৫ ডলারের কাছাকাছি আসায় স্বস্তি ফিরেছে বাজারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরানের যুদ্ধের আবহে তেলের বাজারের অস্থিরতা সোমবার ভারতীয় বাজারকে টালমাটাল করে দিলেও, মঙ্গলবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দিনের শেষে বাজার কোন অবস্থানে গিয়ে থামে, এখন সেদিকেই নজর সকলের।

