বৃহস্পতিবার শপথ নিতে পারেন আরএন রবি, মমতার উপস্থিতি ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব সামলানোর পর এবার বাংলার রাজভবনে আসছেন তিনি। মঙ্গলবারই তাঁর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন নতুন রাজ্যপাল। তবে এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র ধন্দ ও জল্পনা।
বর্তমানে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সার’ (SIR) প্রক্রিয়া থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর এই অবস্থান কর্মসূচি প্রত্যাহারের কোনও ইঙ্গিত এখনও মেলেনি। এই পরিস্থিতিতে রাজভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে, নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি।
প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ প্রসঙ্গেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, এই পদত্যাগের খবরে তিনি স্তম্ভিত এবং উদ্বিগ্ন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পড়ে কোনো বিশেষ রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য এই রদবদল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীর ধর্না, অন্যদিকে নতুন রাজ্যপালের শপথ— সব মিলিয়ে বৃহস্পতিবারের ঘটনাক্রমের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

