লেটেস্ট নিউজ

ফালাকাটায় স্কুল ফাঁকি দিয়ে নদীতে স্নান, তলিয়ে মৃত্যু ২ স্কুল পড়ুয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ডডুয়া নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো দুই পড়ুয়ার। মঙ্গলবার ফালাকাটার ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের সরুগাও চা বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ছয় বন্ধু মিলে স্কুলে না গিয়ে নেপালি বস্তি সংলগ্ন নদীতে স্নান করতে নামে। সেই সময়ই গভীর জলের টানে আচমকা তলিয়ে যায় দুই নাবালক।

ভয়ে বাকি চার বন্ধু বাড়িতে খবর দিলে স্থানীয় বাসিন্দা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ উদ্ধারকাজে নামে। দীর্ঘ প্রচেষ্টার পর এক জনের দেহ উদ্ধার হলেও, অপরজনের খোঁজে নামানো হয় এনডিআরএফ (NDRF) বাহিনী। বিকেল চারটে নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় দেহটি ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিবারকে সান্ত্বনা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। স্কুলছুট হওয়ার প্রবণতা ও শিশুদের ওপর নজরদারি নিয়ে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। অকালমৃত্যুর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *