উত্তরবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা আর দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বিকট কালী পুজো শুরু হচ্ছে ৬ এপ্রিল থেকে – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে ২০২৬ সালের বার্ষিক মহাপুজো ও মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। জনসমাগমের দিক থেকে উত্তরবঙ্গের চতুর্থ এবং দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম এই মেলাটি পশ্চিমবঙ্গের দশটি প্রধান মেলার মধ্যে অন্যতম।
আগামী ৬ এপ্রিল মায়ের মঙ্গলঘট স্থাপন ও প্রসাদ বিতরণের মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দের এই উৎসবের শুভ সূচনা হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। উৎসব চলাকালীন প্রতিদিন দুপুর ১২টায় এবং সন্ধ্যা ৬টায় পুজো, ভোগ আরতি ও প্রসাদ বিতরণ করা হবে। ১২ এপ্রিল নিশি রাতে শিব পুজো ও শ্মশান প্রদীপ নিবেদনের মতো বিশেষ ধর্মীয় আচার পালিত হবে। ১৩ এপ্রিল ভক্তদের জন্য উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে মশান খেলা, খাঁপর পুজো ও ঐতিহ্যবাহী নৃত্য।
উৎসবের সমাপ্তি ঘটবে ১৪ এপ্রিল মহাস্নান, ষোড়শ উপাচারে পুজো, বলিদান এবং হোমযজ্ঞের মাধ্যমে। পাশাপাশি ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সরকারি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। ১৫ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হবে বিশেষ গঙ্গা আরতি ও প্রসাদ বিতরণ। দীর্ঘ প্রতীক্ষিত এই মহাপুজো ও মেলা ভক্তদের জন্য আধ্যাত্মিক শান্তি ও মিলনের এক বিশেষ ক্ষেত্র হয়ে উঠবে।

