মালদার হবিবপুরে চাঞ্চল্য বস্তাবন্দি আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে প্রবল উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আধার এবং প্যান কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চিল্লাহার এলাকার বাসিন্দা সুশীল টুডুর বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই বস্তা খুলতেই বেরিয়ে আসে অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি নথি।
ঘটনার বিবরণে জানা গেছে, বিনোদপুর পোস্ট অফিসের প্রাক্তন পিওন হরেশ চন্দ্র রায় ওই ব্যক্তিকে অস্থায়ীভাবে কাজে লাগিয়েছিলেন। সেই সূত্রেই বিলি করার জন্য প্রচুর আধার ও প্যান কার্ড সুশীল টুডুর কাছে রাখা হয়েছিল। বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসে কর্মরত হরেশ চন্দ্র রায় স্বীকার করেছেন যে, কাজের সহায়তার জন্য তিনি ওই ব্যক্তিকে নথিগুলো দিয়েছিলেন। তবে সেগুলো বিলি না করে বাড়িতে জমিয়ে রাখা হয়েছিল, যা তিনি জানতেন না বলে দাবি করেছেন।
এই ঘটনায় ডাকবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের এত গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিস থেকে সরাসরি বিলি হওয়ার কথা। কিন্তু তা না করে অন্যের বাড়িতে ফেলে রাখা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

