লেটেস্ট নিউজ

প্রাক্তন মেয়রের ম্যাজিক না কি পরিবর্তনের জোয়ার নেপালে ১২৫ আসনে জিতে ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের সংসদ নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়জয়কার তরুণ তুর্কি বলেন্দ্র শাহের দলের। টানা ছয় দিন ধরে চলা ম্যারাথন ভোটগণনা শেষে দেখা যাচ্ছে, দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে কার্যত ধুলিসাৎ করে বিশাল জয়ের পথে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ১৬৫টি সরাসরি আসনের মধ্যে ১২৫টিতেই জয়লাভ করেছে তারা।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি ভোটের পাশাপাশি সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতেও আরএসপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ১১০টি সমানুপাতিক আসনের মধ্যে দলটি প্রায় ৫২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৭৫ আসনের সংসদে আরএসপি-র মোট আসন সংখ্যা ১৭৫-এর কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে নির্বাচন কমিশন আরও কয়েকদিন সময় নিতে পারে বলে জানিয়েছে।

ভোটের প্রাপ্ত হারের দিকে নজর দিলে দেখা যায়, বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন আরএসপি প্রায় ৫০ লাখ ৪৫ হাজার ২১৯টি ভোট পেয়েছে, যা মোট ভোটের ৪৮ শতাংশ। বিপরীতে দেশটির ঐতিহ্যবাহী দল নেপালি কংগ্রেস পেয়েছে মাত্র ১৬.২ শতাংশ ভোট। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল ১৩.৫ শতাংশ এবং পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল মাত্র ৭.৪ শতাংশ ভোট পেয়েছে। রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি সরাসরি ভোটে মাত্র একটি আসনে জয় নিশ্চিত করতে পেরেছে।

নেপালে ব্যালট পেপারে ভোট হওয়ায় গণনা প্রক্রিয়া ধীরগতিতে চললেও শুরু থেকেই আরএসপি-র জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এই বিপুল সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি দলের চেয়ারম্যান রবি লামেছানে এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে মোদি আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের সঙ্গে ভারত পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *