মার্চের ব্রিগেডে মোদীর সভামঞ্চ ঘিরে হুলুস্থুল, মাটির নিচে কী আছে খতিয়ে দেখতে চায় এসপিজি – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা তুঙ্গে। আগামী শনিবার, ১৪ মার্চ ব্রিগেডের হাইভোল্টেজ সভার প্রস্তুতি চলাকালীন হঠাৎই ছন্দপতন ঘটল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র নির্দেশে খুলে ফেলা হল নির্মীয়মাণ মূল সভামঞ্চ।
বিজেপি সূত্রের খবর, সভামঞ্চের নিচের মাটি নিচ্ছিদ্রভাবে পরীক্ষা করতে চায় এসপিজি। নিরাপত্তার খাতিরে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তারা। মাটির গভীর পর্যন্ত তল্লাশি চালিয়ে সবুজ সংকেত মেলার পরই ফের নতুন করে মঞ্চ বাঁধার কাজ শুরু হবে। এই আকস্মিক নির্দেশে কিছুটা দুশ্চিন্তায় গেরুয়া শিবির। হাতে সময় মাত্র তিন দিন, তার মধ্যে নতুন করে বিশাল আয়তনের এই হ্যাঙার মঞ্চ তৈরি করা সম্ভব কি না, তা নিয়ে দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে।
বিজেপি নেতা রাজু বিশ্বাসের তত্ত্বাবধানে মঞ্চ ও মাঠ সাজানোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু এসপিজি-র আপত্তিতে সাময়িকভাবে সেই প্রস্তুতি থমকে গিয়েছে। উল্লেখ্য, এই ব্রিগেড থেকেই প্রধানমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই কারণে মূল জনসভার মঞ্চের ঠিক পেছনেই তৈরি হচ্ছে পৃথক একটি প্রশাসনিক মঞ্চ, যার দায়িত্বে রয়েছে সরকারি দফতর।
১০ মার্চ রাজ্যজুড়ে বিজেপির ৯ দিনের পরিবর্তন যাত্রা শেষ হয়েছে। এবার সকলের নজর ১৪ মার্চের মেগা ব্রিগেডের দিকে। এখন এসপিজি-র তল্লাশি শেষ করে কত দ্রুত মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়, সেটাই দেখার।

