রংতুলি হাতে প্রতিবাদে মমতা, ধরনা মঞ্চে আঁকলেন কমিশনের বিরুদ্ধে সেই বিষ্ফোরক ছবি – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঁচ বছর আগের সেই পরিচিত স্মৃতি ফিরে এল ধর্মতলায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হুইলচেয়ারে বসে ছবি এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর নির্বাচনের আগে সেই একই মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী। এবার ইস্যু রাজ্যে চলা এসআইআর (SIR) প্রক্রিয়া। মঙ্গলবার ধরনা মঞ্চের এক কোণে ক্যানভাস পেতে রংতুলি হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী।
ক্যানভাসে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা। মমতা তাঁর আঁকা ছবির ওপর লিখেছেন, ‘SIR VANISH’। তৃণমূল সূত্রের খবর, রাজ্যে এই প্রক্রিয়ার জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ অঙ্কন। ছবি আঁকার পাশাপাশি নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে তিনি বলেন, “বেচারা ভ্যানিশ কুমার! ওঁর জন্য আমার খারাপ লাগে। আমি চেয়ারকে অপমান করছি না, কিন্তু কালো মানুষদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে যেমন সাদা করে দেওয়া হয়, তেমনই এখানে স্ট্রং ভ্যানিশিং পাউডার ব্যবহার করা হচ্ছে।”
রাজ্যের আমলাদের সঙ্গে কমিশনের বৈঠকের পরেই মমতার এই আক্রমণাত্মক মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়।”
অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেও জানেন যে তাঁকে এই রাজ্যে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করা হচ্ছে। ভোট প্রস্তুতির বৈঠকে হাসি মুখে নিজেই সেই প্রসঙ্গ তোলেন তিনি। অফিসারদের সামনে তিনি জানান, সংবাদমাধ্যমে তাঁকে এই নামেই ডাকা হচ্ছে তা তাঁর জানা আছে। তাঁর এই রসিকতায় উপস্থিত আধিকারিকদের মধ্যে হাসির রোল ওঠে। তবে নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে শাসক দলের এই শৈল্পিক প্রতিবাদ ও শাণিত আক্রমণ রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

