জ্বালানি সংকট মেটাতে উদ্যোগ, হরমুজ প্রণালীতে রণতরী পাঠানোর ভাবনায় ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে ফিরিয়ে আনতে রণতরী পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র। তেহরানের হুঁশিয়ারিতে ওই জলপথে জাহাজ চলাচল কার্যত স্তব্ধ হওয়ায় দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার ইতিমধ্যেই ইরানি প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করেছে। তবে রণতরী মোতায়েনের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সংকট পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জ্বালানিমন্ত্রী হরদীপ সিং পুরীসহ বরিষ্ঠ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে এবং তেলের সরবরাহ স্বাভাবিক থাকে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, জাহাজ মালিকদের আবেদনের প্রেক্ষিতেই এই নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে নৌসেনা।
এদিকে জ্বালানি সংকটের প্রভাবে দেশের বড় শহরগুলোতে এলপিজি সিলিন্ডারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় মুম্বাই, বেঙ্গালুরু ও পুনের মতো শহরগুলিতে বহু হোটেল ও রেস্তরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি আশ্বাস সত্ত্বেও রান্নার গ্যাসের ডেলিভারি নিয়মিত হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা ও বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ।

