বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দির বিতর্কে কীর্তি আজাদকে কড়া জবাব গম্ভীর ও ভাজ্জির – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে মন্দিরে যাওয়াকে কেন্দ্র করে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদের মন্তব্যে সরগরম ক্রিকেট মহল। বিশ্বকাপ ট্রফি কেন নির্দিষ্ট কোনো ধর্মের উপাসনাস্থলে নিয়ে যাওয়া হবে, সেই প্রশ্ন তুলে বিতর্কের সূত্রপাত করেন ১৯৮৩-র বিশ্বজয়ী সদস্য কীর্তি। তাঁর এই অবস্থানের পালটা দিলেন ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন স্পিনার হরভজন সিং।
ঘটনার সূত্রপাত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের ট্রফি নিয়ে মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে। কীর্তি আজাদের মতে, এই ট্রফি গোটা দেশের এবং সব ধর্মাবলম্বী মানুষের। তিনি মনে করিয়ে দেন, এই জয়ে সঞ্জু স্যামসন বা মহম্মদ সিরাজদের মতো অন্য ধর্মের ক্রিকেটারদেরও অবদান রয়েছে।
কীর্তির এই যুক্তির কড়া বিরোধিতা করে হরভজন সিং প্রশ্ন তোলেন, ভারতের বিশ্বজয় নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে? অন্যদিকে, এই বিতর্কে নিজের বিরক্তি প্রকাশ করেছেন উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান। পাটনা বিমানবন্দরে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, দীর্ঘ লড়াইয়ের পর দেশ বিশ্বকাপ জিতেছে, তাই নেতিবাচক রাজনীতির বদলে এই আনন্দ উদযাপন করা উচিত। অপ্রাসঙ্গিক ও বিতর্কিত প্রশ্ন এড়িয়ে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনার পরামর্শ দেন এই তরুণ ক্রিকেটার।

