ছয় খেয়ে মেজাজ হারিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারকে বল ছুঁড়ে মারলেন আর্শদীপ সিং আইসিসির বড় শাস্তির মুখে ভারতীয় পেসার – এবেলা
এবেলা ডেস্কঃ
আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই ভারতীয় বোলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে ফাইনাল ম্যাচের ১১তম ওভারে। ওই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মিচেল পর পর দুটি ছক্কা মারলে চাপে পড়ে যান আর্শদীপ। এরপর একটি ওয়াইড বল করার পর পঞ্চম বলটি ডট হলেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। বল হাতে আসতেই তিনি সরাসরি মিচেলের দিকে ছুঁড়ে মারেন, যা নিউজিল্যান্ডের ব্যাটারের বাঁ পায়ের উরুতে গিয়ে লাগে। এই ঘটনায় মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে অধিনায়ক সূর্যকুমার যাদব ও আম্পায়াররা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আর্শদীপকে তলব করেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের দিকে বিপজ্জনকভাবে বল বা সরঞ্জাম ছোঁড়া শাস্তিযোগ্য অপরাধ। আর্শদীপ নিজের ভুল স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। লেভেল ওয়ান অপরাধের জন্য তাঁকে এই জরিমানা করা হয়।
যদিও ম্যাচের পর আর্শদীপ ব্যক্তিগতভাবে মিচেলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং বিষয়টি সেখানেই মিটে গিয়েছিল, কিন্তু আইসিসির কড়া নিয়ম থেকে রেহাই পাননি তিনি। আগামী ২৪ মাসের মধ্যে একই ধরনের অপরাধ করলে আর্শদীপকে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

