এয়ারপোর্টের আমেজ এখন জেলাতেই প্রধানমন্ত্রীর হাত ধরে ভোল পাল্টে যাচ্ছে হলদিয়া ও তমলুক স্টেশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলায়। অমৃত ভারত প্রকল্পের অধীনে আধুনিক সাজে সেজে উঠেছে জেলার দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন—হলদিয়া ও তমলুক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ মার্চ, বৃহস্পতিবার এই নবনির্মিত স্টেশন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি এই আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। দীর্ঘ দুই বছরের নিরলস প্রচেষ্টায় স্টেশন দুটিকে বিশ্বমানের রূপ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খড়গপুর ডিভিশনের এই দুই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিশেষ মুহূর্তকে ঘিরে হলদিয়া ও তমলুক স্টেশন চত্বরে এখন সাজ সাজ রব। আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে রেল যাত্রী সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া। তিনি জানান, জেলার স্টেশনগুলোর উন্নয়নের জন্য দীর্ঘদিনের দাবি ছিল। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হওয়ায় যাত্রীরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে জেলার অন্যান্য স্টেশনগুলোকেও ধাপে ধাপে আধুনিক করার আবেদন জানিয়েছেন তিনি।
শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্রের কথা মাথায় রেখে এই স্টেশনগুলোতে যুক্ত করা হয়েছে একগুচ্ছ আধুনিক পরিষেবা। অত্যাধুনিক প্রবেশপথ, উন্নতমানের অপেক্ষাগার, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, নতুন প্ল্যাটফর্ম শেড এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দেবে। সাধারণ মানুষের মতে, স্টেশনের এই নতুন রূপ যেন এয়ারপোর্টের আধুনিকতাকে মনে করিয়ে দিচ্ছে।

