গ্যাস সংকটে কড়া মমতা: ডিলারদের জন্য জারি হচ্ছে বিশেষ নির্দেশিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাসের তীব্র সংকট ও আকাশছোঁয়া দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে রাজ্যে এলপিজির জোগান নিশ্চিত করতে বুধবার ডিলার ও তেল সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের জন্য মজুত গ্যাস কোনোভাবেই বাইরে পাঠানো যাবে না। এই পরিস্থিতি মোকাবিলায় নবান্নে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে খুব শীঘ্রই একটি নতুন এসওপি (SOP) বা নির্দেশিকা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র কোনো আগাম পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করায় জনমানসে আতঙ্ক ছড়িয়েছে। তবে ডিলাররা আশ্বাস দিয়েছেন যে, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস এবং স্কুলগুলোতে মিড-ডে মিল রান্নার ক্ষেত্রে গ্যাসের কোনো অভাব হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পেট্রোলিয়াম মন্ত্রকের ভ্রান্ত নীতির কারণেই আজ এই দুরাবস্থা। রান্নার গ্যাস কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও, রাজ্যের অটোচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। জনগণের মৌলিক অধিকার কেড়ে না নিয়ে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার জন্য তিনি কেন্দ্রের প্রতি আহ্বান জানান। সংকটের স্থায়ী সমাধানে প্রশাসনিক স্তরে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

