লেটেস্ট নিউজ

সিএএ শংসাপত্র হাতে পেলেন দক্ষিণ দিনাজপুরের একাধিক পরিবার, কাটল দীর্ঘদিনের আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের ব্রাহ্মণ গ্রামে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় শংসাপত্র পেলেন প্রায় ৭০ থেকে ৮০ জন বাসিন্দা। বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন এই গ্রামে বসবাস করলেও প্রয়োজনীয় নথির অভাবে অনেকের নামই এসআইআর (SIR) তালিকা থেকে বাদ পড়েছিল। ফলে নাগরিকত্ব হারানো ও উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই এলাকার প্রায় দেড়শোটি পরিবার। অবশেষে কেন্দ্রীয় সরকারের এই শংসাপত্র হাতে পেয়ে খুশির হাওয়া ছড়িয়েছে সীমান্তবর্তী এই জনপদে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুরের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামটিতে প্রায় ১৫০ জন বাসিন্দা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁদের মধ্যে মাধব চন্দ্র পাল ও ৮৮ বছর বয়সী অভয় চরণ পালের মতো অনেকেই এখন বৈধ ভারতীয় নাগরিকের স্বীকৃতি পেয়েছেন। মঙ্গলবার কাটোয়াতেও একই পরিবারের পাঁচজন এই শংসাপত্র পেয়েছেন বলে জানা গেছে। আবেদনকারীদের একাংশের মতে, এসআইআর প্রক্রিয়ায় নাম না থাকলেও সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ায় তাঁদের অনিশ্চয়তা দূর হয়েছে।

বিজেপির জেলা নেতৃত্বের দাবি, প্রতিশ্রুতি মতোই যোগ্য ব্যক্তিদের হাতে নাগরিকত্ব তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে, আবেদনকারীদের বাকি অংশও পর্যায়ক্রমে এই শংসাপত্র পাবেন বলে আশা করা হচ্ছে। জেলার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর ফলে রাজ্যজুড়ে নাগরিকত্ব ইস্যু নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বর্তমানে ব্রাহ্মণ গ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই শংসাপত্র প্রাপ্তিকে কেন্দ্র করে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *