লেটেস্ট নিউজ

সুরক্ষিত হবে রাত এবার উদয়নারায়ণপুর হাসপাতালে চালু হল বহু প্রতীক্ষিত রাত্রিসাথী প্রকল্প – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে রাতভর কর্মরত মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হল ‘রাত্রিসাথী’ প্রকল্প। মহিলাদের জন্য পৃথক বিশ্রামাগার, সিসিটিভি নজরদারি এবং অ্যালার্ম সিস্টেমসহ মোট ১০টি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই প্রকল্পের অধীনে।

সোমবার বিকেলে এই প্রকল্পের উদ্বোধন করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। একই দিনে হাসপাতালে ১২ শয্যার একটি অত্যাধুনিক ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-এরও উদ্বোধন করা হয়। হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজার সহযোগিতায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই চাইল্ড হাবটি গড়ে তোলা হয়েছে।

উল্লেখ্য, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের ওপর হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার বহু মানুষ নির্ভরশীল। নতুন এই দুই বিভাগ চালুর ফলে এই অঞ্চলের মা ও শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *