দু’মাসেই কঙ্কালসার ১১ লক্ষ টাকার রাস্তা, বরানগরে চরম জনরোষের মুখে ঠিকাদার – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝকঝকে ব্যানারে ধন্যবাদ জানানো হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। বরানগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গিরিশচন্দ্র ঘোষ স্ট্রিটের ঢালাই রাস্তা মাত্র দু’মাসের মধ্যেই ভেঙে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাত্র ২৫২ মিটারের এই রাস্তাটি নিয়ে এখন তীব্র বিতর্কে জড়িয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল।
রাজ্য সরকারের এইচসিএম প্রকল্পের অধীনে গত ২০ ডিসেম্বর রাস্তাটির ঢালাই শুরু হয়েছিল এবং জানুয়ারির শুরুতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ঢাউস ব্যানারও লাগানো হয়েছিল। তবে সেই ব্যানার মলিন হওয়ার আগেই রাস্তার বালি-সিমেন্ট উঠে গিয়ে বেরিয়ে পড়েছে স্টোনচিপ। তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ, বরাদ্দের সিংহভাগ টাকা কাজ হওয়ার আগেই নয়ছয় হয়েছে, যার ফলে নির্মাণ সামগ্রীর মান ছিল অত্যন্ত নিম্নমানের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শাসকদলের শ্রমিক নেতা তথা পুরসভার কনট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্কর রাউত। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডালিয়া মুখোপাধ্যায় এই দায় এড়িয়ে জানিয়েছেন যে, রাস্তার কাজ সম্পর্কে তাকে অন্ধকারে রাখা হয়েছিল। পুরসভার সিআইসি রামকৃষ্ণ পাল বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দোষী ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার ও জরিমানার আশ্বাস দিয়েছেন। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তা এভাবে অল্প সময়ে নষ্ট হওয়ায় বরানগরের সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

