লেটেস্ট নিউজ

ছাত্রবিক্ষোভে রণক্ষেত্র যাদবপুর, ভেস্তে গেল সাংবাদিকতা বিভাগের অতিথি অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ – এবেলা

এবেলা ডেস্কঃ

পড়ুয়াদের তীব্র আন্দোলনের জেরে স্থগিত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অতিথি অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ। মঙ্গলবার এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

সূত্রের খবর, এবার অতিথি অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ বোর্ডে প্রথা ভেঙে জনৈক বিভাগীয় অধ্যাপককে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের সূত্রপাত। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, সংশ্লিষ্ট ওই অধ্যাপকের বিরুদ্ধে উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ রয়েছে এবং তাঁর ক্লাস দীর্ঘদিন ধরে বয়কট করছেন ছাত্রছাত্রীরা। এমন অবস্থায় তাঁকে ইন্টারভিউ বোর্ডে রাখায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে এই বিভাগটিকে দুটি পৃথক ‘স্কুল’-এ ভেঙে দেওয়া হচ্ছে। বিভাগীয় প্রধান বর্তমানে সাংবাদিকতার জন্য নির্দিষ্ট স্কুলের অংশ নন, তাই প্রশাসনিক কারণে অন্য একজন অধ্যাপককে বোর্ডে রাখা হয়েছিল। উপাচার্যের দাবি, ইন্টারভিউ বোর্ডে বিভাগীয় প্রধান ও ডিনের পাশাপাশি ওই অধ্যাপককে রাখা হয়েছিল নিয়ম মেনেই, তাই এই বিতর্ক অনভিপ্রেত।

তবে কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং বোর্ড গঠনের বিরোধিতা করে বিভাগীয় প্রধানও উপাচার্যকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছেন। সব মিলিয়ে অধ্যাপক নিয়োগ ঘিরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে যাদবপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *